হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

‘থানা জ্বালিয়ে দেওয়া হবে’ বলে ওসিকে যুবলীগ ও ছাত্রলীগ নেতার হুমকি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আবু জাফর রানা ও ছাত্রলীগ নেতা আফরান খাঁন মাহিম। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা। গতকাল শুক্রবার ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে তাঁরা এ হুমকি দেন।

হুমকিদাতারা হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাইভ ভিডিওতে আবু জাফর রানাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি না করার হুঁশিয়ারি দিতে দেখা যায়। ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখনো সময় আছে। আপনি বাংলাদেশে থাকবেন, আপনাকে থাকতে হবে, এটা আমরা দেখব। অযথা কোনো নেতা-কর্মীকে হয়রানি করা যাবে না।’

লাইভে রানা আরও বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের জয়ধ্বনি হবে। কতজনকে আটকানো বা গ্রেপ্তার করা যায়, তা আমরা দেখব।’ একপর্যায়ে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ করেও হুমকি দেন তিনি। তাঁর ভাষায়, ‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব।’

অন্যদিকে একই দিন অজ্ঞাত স্থান থেকে রামগঞ্জ থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করেন ছাত্রলীগের সাবেক নেতা আফরান খাঁন মাহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপির কথায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার বা হয়রানি করা হলে থানায় আগুন দেওয়া হবে।’ পুলিশকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনাদের (পুলিশ) পরিণতি খারাপ হয়ে যাবে। এবার থানা জ্বালিয়ে দেওয়া হবে।’ এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তবে ফেসবুক লাইভটি কখন ও কোথা থেকে প্রচার করা হয়েছে এবং ফোনালাপের রেকর্ডটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ শনিবার দুপুরে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার ফোনালাপের রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক কিছু নেতা-কর্মী এখনো এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাঁদের অনেকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তৎপরতা চালাচ্ছেন।