হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ছোট নিশান গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র, গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। মঙ্গলবার চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নিশানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২টি গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া পিস্তল ও গুলিগুলো জুলাই গণ-অভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হয়েছিল।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, নিশানের বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। উদ্ধার করা অস্ত্র, গুলিসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তাঁকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার র‌্যাব নিশানকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। ওসি আরও জানান, নিশান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।