লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে জুলাই যোদ্ধা শহীদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়কের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘৭১-এর চেতনাকে বিক্রি করে একটি দল বহুদিন খেয়ে গেছে। আমরা কিন্তু ওই দলের মতো জুলাই চেতনাকে নষ্ট হতে দেব না।’
এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, জুলাই যুদ্ধে অনেকে শহীদ হয়েছেন, আবার অনেকে পঙ্গু হয়েও এ দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন; এ রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী।
অনুষ্ঠানে হুইপ আরও বলেন, ‘হাসিনা সরকারের মতো স্বৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে কেউ আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না; এটা জুলাই যোদ্ধারা শিখিয়েছেন। আমরা চাই, আগামীর বাংলাদেশ হবে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, সকলে মিলে একসঙ্গে থাকার বাংলাদেশ।'
সংসদ সদস্য নিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এ লুটপাট-দুর্নীতি বন্ধে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য তরুণসমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম এগিয়ে এলেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।
জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে নিজান বলেন, জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা হয়েছে। আগামী দিনে জুলাই যোদ্ধাদের পরিবার রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জুলাই যোদ্ধা জুনাইদ হোসেন এবং মাওলানা আব্বাস হোসেন।
এর আগে সংসদ সদস্য উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায়, দুস্থদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়।