লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে নিষেধাজ্ঞা অমান্য করায় এক শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে মোবাইলটি ভাঙেন শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান।
জানা যায়, সম্প্রতি মোবাইল ফোন বিদ্যালয়ে আনতে নিষেধ করে নোটিশ দেয় প্রতিষ্ঠানটি। নোটিশ অমান্য করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে হাজির হয়। পরে ওই শিক্ষক আইফোন ৬ মডেলের ফোনটি উদ্ধার করে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠে ভেঙে ফেলেন।
নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা বিনষ্ট করা হবে। গত ৯ সেপ্টেম্বরের নোটিশটিতে বলা হয়, বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ১৩ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরিধান এবং পরিপাটি ও ছোট চুল রেখে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
নোটিশে আরও বলা হয়, কোনো শিক্ষার্থীর টিকটক আইডি থাকা বা টিকটকে ভিডিও কনটেন্ট তৈরির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বহিষ্কারসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান জানান, শৃঙ্খলা রক্ষার্থে একটি ফোন ভেঙে সকল শিক্ষার্থীকে সতর্ক করেছি।
তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার বলেন, ‘আগে নোটিশ দিয়ে শিক্ষার্থী এবং অভিভাবককে সতর্ক করা হয়েছে। বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই উদ্যোগ।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর ভূঁইয়া জানান, ‘খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব। এটা আমার জানা নেই।’