হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই পরিকল্পনা করে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘শুধু নিজেদের কথা চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।’

আজ শনিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। একই সঙ্গে মানবিক কল্যাণে কী করা উচিত, সেই বোধও তৈরি করে।

মন্ত্রী বলেন, নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যুক্ত তরুণদেরও শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার চর্চায় গুরুত্ব দিতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্কাউটের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

তরুণদের রাজনীতির পাশাপাশি সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দীন পাঠানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।