হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মৌসুমের শেষ সময়ে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, কমেছে দাম

লক্ষ্মীপুর প্রতিনিধি

গত কয়েকদিন ধরে জেলেদের জালে ইলিশ বেশি ধরা পড়ায় মাছঘাটগুলোতেও সরবরাহ বেড়েছে ইলিশের। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে গত কয়েক দিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। ফলে মাছঘাটগুলোতেও ইলিশের সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে প্রতি কেজি ও হালি ইলিশের দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এক কেজি ওজনের ইলিশের দাম এখনো ২ হাজার টাকায় থেমে আছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার প্রায় ৫৩ হাজার জেলে মেঘনায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

এখন ইলিশের ভরা মৌসুম চললেও প্রত্যাশিত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন পর গত কয়েক দিন ধরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় লক্ষ্মীপুরের প্রায় ৩০টি মাছঘাট সরগরম হয়ে উঠেছে। তবে মাছের আকার তুলনামূলক ছোট বলে জানিয়েছেন জেলেরা।

গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে একই ওজনের ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রকারভেদে প্রতি হালি ইলিশের দামও গড়ে ৭০০ টাকা কমেছে বলে জানিয়েছেন জেলে ও আড়ৎদাররা।

গত বুধবার সকালে মজুচৌধুরীরহাট ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে ভিড়ছে জেলে নৌকা। ক্রেতা-বিক্রেতার ভিড়ে ঘাট সরগরম। সেখানে এক কেজি ওজনের চারটি ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়। তিন দিন আগেও একই মাছের দাম ছিল সাড়ে ৮ হাজার থেকে ৯ হাজার টাকা। এর চেয়ে ছোট ইলিশ প্রকারভেদে কম দামে বিক্রি হচ্ছে।

গত কয়েকদিন ধরে জেলেদের জালে ইলিশ বেশি ধরা পড়ায় মাছঘাটগুলোতেও সরবরাহ বেড়েছে ইলিশের। ছবি: আজকের পত্রিকা

মতিরহাটের জেলে লিটন মাঝি বলেন, নদীতে মাছ না পাওয়ায় দীর্ঘদিন নদীর পাড়ে অলস সময় পার করেছি। সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে। গত কয়েক দিন ধরে জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ফলে ঘাটে মাছ বিক্রি করে আবার নদীতে মাছ শিকারে নামতে হচ্ছে। এভাবে মাছ পেলে আর কোনো কষ্ট থাকবে না। ইলিশ ধরা পড়ায় খুশি।

ক্রেতা মো. তুষার ইসলাম ও সালামত উল্যাহ বলেন, মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমছে। সামনে দাম আরও কমবে বলে আশা করছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ভারতে মাছ বিক্রির প্রভাব প্রতিটি ঘাটে পড়েছে। সিন্ডিকেটের কারণে ঘাটে মাছের দাম বেড়ে যায় বলেও অভিযোগ করেন তাঁরা।

ক্রেতা ও বিক্রেতারা বলেন, বাজারে তদারকি না থাকায় ইলিশের দাম বাড়ছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারির দাবি জানান তাঁরা।

জেলা মৎস্য অফিসের সিনিয়র পরিচালক মো. লুৎফুর রহমান বলেন, গত কয়েক দিনের তুলনায় সাগরের পাশাপাশি মেঘনায়ও বেশি পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। সামনে আরও বাড়বে বলে আশা করছি। ইলিশের সরবরাহ বাড়লে দামও কমে আসবে।

মো. লুৎফুর রহমান আরও বলেন, মা ইলিশ রক্ষায় ৬ অক্টোবর থেকে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এ সময় অভিযান সফল করতে প্রশাসন কাজ করছে।