হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় প্রতিবন্ধী কিশোর ও বৃদ্ধার মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি পৃথক স্থান থেকে এক প্রতিবন্ধী কিশোর ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কারিগরপাড়া এলাকার একটি পানের বরজের পাশের পরিত্যক্ত ডোবা থেকে জিহাদ হোসেন (১৩) নামের এক বাক্ ও মানসিক প্রতিবন্ধী কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাসান মেকারের ছেলে এবং গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের ধারণা, শিকলমুক্ত হওয়ার পর অসাবধানতাবশত ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে একই দিন দুপুরে উপজেলার চাঁদগ্রাম এলাকার একটি পুকুর থেকে রেজিয়া খাতুন (৬০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়া-মাজদিয়া গ্রামের মনসুর আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে আল্লার দরগাহ এলাকায় তাঁর মেয়ের বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন এবং তাঁর মানসিক সমস্যা ছিল।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, পৃথক দুটি স্থান থেকে এক কিশোর ও এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর থেকে উদ্ধার হওয়া বৃদ্ধার পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।