কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার ঈদগাহসংলগ্ন পদ্মা নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা নৌ পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহটির পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। মাথার চুল সাদা। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তির বয়স ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হবে। তবে এখনো তাঁর পরিচয় জানা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহ উদ্ধারের কাজ করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের জন্য নৌ পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। উদ্ধারের পর পরিচয় শনাক্তসহ বিস্তারিত জানানো সম্ভব হবে।’