হোম > সারা দেশ > কুষ্টিয়া

পদ্মার পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

উদ্ধার করা একনলা বন্দুক। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ের একটি কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মার ঘাট এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভাগজোত এলাকায় পদ্মা নদীর পাড়ের একটি কাঁচা রাস্তার ওপর বন্দুকটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কে বা কারা সেটি সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্দুকটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, শুক্রবার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে পুলিশের সাঁড়াশি অভিযানের পর ভয়ে কেউ বন্দুকটি ফেলে রেখে যেতে পারে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।