কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১৫৩/৯-এস-এর কাছে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই পুরুষ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, সকালে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। পরে বিএসএফ তাঁদের ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সকালে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটেন এবং ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।