হোম > সারা দেশ > কুষ্টিয়া

সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

কুষ্টিয়া প্রতিনিধি

পরিবারের সদস্যদের সঙ্গে আজকের পত্রিকার প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের কন্যা মহিমা। ছবি: আজকের পত্রিকা

শুভ জন্মদিন। ঘরোয়া পরিবেশে সাজানো ছোট্ট আয়োজন। সামনে রাখা জন্মদিনের কেক। ঘিরে দাঁড়িয়েছেন পরিবারের সদস্যরা। কেক কেটে সবাই হয়তো চেষ্টা করেছেন ছোট্ট মহিমার মুখে হাসি ফোটাতে। কিন্তু এই আনন্দের মুহূর্তে যে দুটি মানুষের সবচেয়ে বেশি পাশে থাকার কথা, তাঁরা আজ আর নেই। বাবা আর মা; তাঁদের সঙ্গে না ফেরার দেশে চলে গেছে তার ছোট্ট ভাইটিও। তবুও তাদের ফিরে আসার অপেক্ষায় যেন দিন ফুরায়না সাত পেরিয়ে আট বছরে পা রাখা মহিমা দত্তের।

শুক্রবার (১৩ নভেম্বর) বাবা-মা আর ভাইকে ছাড়াই জন্মদিন উদ্‌যাপন করেছে মহিমা। এই বয়সে বাবার কাঁধে চড়ে তার ঘুরে বেড়ানোর কথা, মায়ের হাত ধরে জন্মদিনের কেক কাটার কথা, অথচ এই বয়সেই জীবনের সবচেয়ে বড় শূন্যতার মুখোমুখি সে।

গত ১৯ আগস্ট ভোরে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যরা। নিহতদের মধ্যে ছিলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী। এক ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তেই তছনছ করে দেয় পরিবারটিকে। রেখে যায় ছোট্ট মহিমাকে, যার কাছে বাবা-মায়ের অনুপস্থিতিই এখন এক অসম্ভব বাস্তবতা।

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার ভাড়া বাসায় পরিবারের সদস্যরা কেক কেটে মহিমার জন্মদিন উদ্‌যাপন করেছেন। বাইরে থেকে এটিকে একটি সাধারণ অনুষ্ঠানের মতো দেখালেও এই আয়োজনের আড়ালে জমে আছে বুকভরা কান্নার এক দীর্ঘ গল্প।

মহিমার দাদা ও নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ দত্ত জানান, পরিবারের সদস্যরা ঘরোয়া পরিবেশে মহিমার জন্মদিন পালন করেছেন। কিন্তু বাবা-মাকে হারানোর শোক এখনো শিশুটিকে তাড়া করে বেড়ায়। পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের কথা মনে পড়লেই সে অঝোরে কাঁদে।

দাদা দিলীপ দত্ত বলেন, ‘সবচেয়ে হৃদয়বিদারক হলো, মহিমা এখনো তার বাবাকে খুঁজে বেড়ায়। আমার মোবাইল ফোন হাতে নিয়ে বাবার ব্যবহৃত পুরোনো নম্বরগুলোতে ফোন করে। কখনো পাঠায় মেসেজ। শিশুমনে হয়তো এখনো বেঁচে আছে একটুখানি আশা—হয়তো কোনো একদিন ওপাশ থেকে ফোনটি কেউ ধরবেন। হয়তো পরিচিত সেই বাবার কণ্ঠ বলে উঠবে—মহিমা, কেমন আছ?’

কিন্তু সেই ফোনের ওপাশে আর বাবার কণ্ঠ ফিরে আসে না। আসে না মায়ের স্নেহমাখা কোনো উত্তরও। তবুও মহিমা ফোন করে। সুযোগ পেলেই বারবার। বাবা যে আর ফোন ধরবেন না, এটি এখনো তার বোধগম্যের বাইরে।

দাদা হিসেবে দিলীপ দত্তের সামনে এখন এক কঠিন বাস্তবতা। নিজের সন্তানকে হারানোর শোক বুকে নিয়েই তাঁকে আগলে রাখতে হচ্ছে সেই সন্তানের রেখে যাওয়া ছোট্ট মেয়েকে; যার চোখ খুঁজে ফেরে তার বাবা আর মাকে।