হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে ছাত্রদলের বিরুদ্ধে আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হেনস্তার অভিযোগ, তদন্তে কমিটি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে হেনস্তা ও কক্ষ ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে আহ্বায়ক এবং উপরেজিস্ট্রার (প্রশাসন) জামিরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্য হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা। কমিটিকে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ‘কমিটি গঠনের বিষয়টি শুনেছি। তবে এখনো চিঠি পাইনি। চিঠি পেলে তদন্তের কাজ শুরু করব।’

এর আগে গতকাল রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী পাঁচ শিক্ষক-কর্মকর্তাকে হেনস্তা, মারধরের চেষ্টা ও কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনের উপরেজিস্ট্রার ইব্রাহিম হোসেন সোনার কক্ষ ভাঙচুর ও তাঁকে হেনস্তা করা হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা টিটুল আহমেদকে হুমকি ও মারধরের চেষ্টা এবং টিএসসিসির সহকারী রেজিস্ট্রার বিপুল আহমেদের টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামকে হুমকি, কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে হেনস্তা ও তাঁর কক্ষে থাকা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় সংশ্লিষ্টদের ক্যাম্পাসে না আসার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদ তৌফিক, আব্দুল্লাহ আল মামুন, সদস্য রেজাউল ইসলাম রাকিব, আব্দুল্লাহ আল নোমান, শাহরিয়ার রশিদ নিলয়, খালেদ সাইফুল্লাহ এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির আহমেদসহ ২৫ জন নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ করা হয়েছে।