কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক ও রেজিস্ট্রার শাখার উপরেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপুকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালা দেওয়া ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের ঘটনার কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ করবে।
এর আগে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মার্কেটিং বিভাগে বিধিমালা লঙ্ঘন করে নতুন সভাপতি নিয়োগের পরিপ্রেক্ষিতে বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা নিজ বিভাগের শিক্ষককে সভাপতি নিয়োগের দাবিতে ব্যবসায় প্রশাসন ভবনের প্রধান ফটকও অবরোধ করেন। এতে ভবনে অবস্থানরত ছয় বিভাগের শিক্ষার্থীরা আটকা পড়েন।
পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে পৌঁছালে তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা, হেনস্তা ও অসদাচরণের অভিযোগ ওঠে। একপর্যায়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখান থেকে চলে আসেন। পরে তাঁরা প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন।