হোম > সারা দেশ > কুষ্টিয়া

জমির বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলেন বড় ভাই, আটক ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে এমদাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাবু বাদাল (৪৫) ও ছেলে তপন বাদাল (১৭) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বড় ভাই বজলু বাদাল (৬০) ও তাঁর স্ত্রী জরিনা খাতুনকে (৫৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে সুলতান বাদালের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যায় এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলু বাদাল ছোট ভাই এমদাদুল বাদালের ওপর হামলা চালান। এ সময় এমদাদুলকে বাঁচাতে তাঁর চাচাতো ভাই বাবু বাদাল ও ছেলে তপন বাদাল এগিয়ে গেলে বজলু তাঁদের ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই এমদাদুল বাদাল মারা যান এবং অপর দুজন জখম হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত বাবু ও তপনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোয়াজ হোসেন বলেন, ‘চলাচলের রাস্তা ও জমিসংক্রান্ত বিরোধে ভাইদের মধ্যে ঝামেলা চলছিল। এতে বড় ভাই বজলুর হাতে এমদাদুল নিহত হয়। এ ঘটনায় তাঁদের চাচাতো ভাই বাবু ও এমদাদুলের ছেলে আহত হয়েছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।