হোম > সারা দেশ > কুষ্টিয়া

প্রশাসনের অবহেলার প্রতিবাদে মীর মুগ্ধ সরোবর পরিষ্কারে ৪ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

মীর মুগ্ধ সরোবর পরিষ্কার করছেন চার শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

বাজেটসংকট ও পরিচ্ছন্নতাকর্মীর অভাবের কথা জানিয়ে প্রশাসন দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরটি পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রশাসনের এই অবহেলার প্রতিবাদে তাই নিজেরাই সরোবর পরিষ্কার করতে নেমে পড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মীর মুগ্ধ সরোবর থেকে দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন তাঁরা। তাঁদের ভাষ্য, কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলবে।

উদ্যোগ নেওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানিক রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই শিক্ষাবর্ষের তারিক জাহান জয়, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাজিদ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাজমুস সালেহিন ফাহিম।

তারিক জাহান জয় বলেন, ‘আমাদের এই সরোবর দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার মধ্যে পড়ে আছে। আমরা চাই, এটি সব সময় পরিষ্কার থাকুক। কিন্তু প্রশাসনের কাছে গেলে বাজেট ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ বিভিন্ন অজুহাত দেওয়া হয়। এ কারণে আমরা নিজেরাই পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে প্রশাসনকে দেখাতে চাই, সদিচ্ছা থাকলে সীমিত সামর্থ্যেও কাজ করা সম্ভব।’

তারিক জাহান জয় আরও বলেন, ‘আমরা দেখাতে চাই যে, সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

মীর মুগ্ধ সরোবর পরিষ্কার করছেন চার শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

মানিক রহমান বলেন, ‘কচুরিপানা পরিষ্কারের পর যেন আবার ছড়িয়ে না পড়ে, সে জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে চাই। এ ছাড়া এখানে লাল শাপলা বা পদ্ম রোপণের পরিকল্পনা রয়েছে। সরোবর সংস্কারের জন্য বরাদ্দ করা অর্থ যেন শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করে এর সৌন্দর্যবর্ধন করা হয়, সেটিই আমাদের প্রত্যাশা।’

মানিক রহমান আরও বলেন, ‘পাশাপাশি এখানে একটি নৌকার ব্যবস্থা করতে চাই। এতে শিক্ষার্থীরা নৌকা চালানোর সুযোগ পাবে এবং সরোবরটির সৌন্দর্য আরও বাড়বে। আমাদের এই উদ্যোগে অন্য শিক্ষার্থীরাও এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় সরোবরটির নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছি।’