ডিসেম্বর মাস সামনে রেখে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিদের অবৈধ পথে দেশে প্রবেশ ও দেশত্যাগ, অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে বাড়ানো হয়েছে নজরদারি।
এ জন্য নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত পয়েন্ট। এসব এলাকায় গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানান কুষ্টিয়া সেক্টরের অধীন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
রাশেদ কামাল রনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৮২ কিলোমিটার সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন সদস্যরা। এর মধ্যে কুষ্টিয়া সীমান্তের ১৩টি বর্ডার আউটপোস্টের (বিওপি) অধীনে রয়েছে ৪৬ কিলোমিটার। আর মেহেরপুরের গাংনী সীমান্তের ৯টি বিওপির অধীনে রয়েছে ৩৬ কিলোমিটার।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরা যাতে অবৈধ পথে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে। এ জন্য প্রতিটি সীমান্ত চৌকিতে সতর্কতা বাড়ানো হয়েছে। দিন ও রাতের টহলও জোরদার করা হয়েছে।
রাশেদ কামাল রনি আরও বলেন, রাতে সীমান্তের অন্ধকার ও দুর্গম এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ডিসেম্বর মাসের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্ত দিয়ে পুশ ইন এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধেও বিজিবি সতর্ক রয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি বিবেচনায় টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।
সীমান্ত এলাকার বাসিন্দা, জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষের সহযোগিতা চেয়ে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, অপরিচিত কারও সন্দেহজনক চলাচল বা অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত থাকবে।