অভ্যন্তরীণ বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্রসহ প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
এই অবস্থায় কুড়িগ্রামের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং এর উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানির সমতল আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে এসব নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের ধরলা অববাহিকায় ৩০ মিলিমিটার এবং দুধকুমার অববাহিকায় ২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বর্তমানে নদীগুলোর পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘আগামী তিন দিন রংপুর বিভাগের অভ্যন্তর ও উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার কয়েকটি নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। তবে পরিস্থিতি দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে।’