কিশোরগঞ্জের ভৈরবে পলিথিনের কাঁচামাল উৎপাদন কারখানায় কাজ করতে গিয়ে মেশিনে কাপড় পেঁচিয়ে রত্না বেগম (২৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের তাঁতারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রত্না বেগম কুমিল্লার মুরাদনগর থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। তাঁর স্বামী সজীব মিয়াও ভৈরবের অন্য একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। এই দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁতারকান্দি এলাকায় আফরিন সুলতানার পলিথিনের কাঁচামাল তৈরির কারখানাটি বর্তমানে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ইয়াকুব আলম ছিদ্দিকীর ছেলে গোলাম ইশতিয়াক ইউনিক পরিচালনা করছেন।
গোলাম ইশতিয়াক ইউনিক ২০২৪ সালে পটপরিবর্তনের পর কার্যক্রম নিষিদ্ধ ভৈরব পৌর ৬ নম্বর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তাঁতারকান্দি গ্রামের বাসিন্দা মো. ধন মিয়ার মেয়ে আফরিন সুলতানার কাছ থেকে কারখানাটি ভাড়া নেন। সেখানে তিনি পলিথিনের কাঁচামাল উৎপাদন করতেন।
স্থানীয়দের অভিযোগ, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকাতেও আফরিন সুলতানার আরেকটি পলিথিন কারখানা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা কারখানাটির নিরাপত্তাব্যবস্থা, বৈধতা এবং শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবিও জানিয়েছেন তাঁরা।
তবে গোলাম ইশতিয়াক ইউনিক বলেন, কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তাঁর।
এ বিষয়ে আফরিন সুলতানার বক্তব্য পাওয়া যায়নি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহত নারীর বাড়ি দূরে হওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা অভিযোগ দেওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।