হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলী: সওজের জমি ‘দখল’ করে দোকান-গুদাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী পৌরসভার গার্লস স্কুল মোড়ে সড়কের পাশের নির্মিত দোকানঘর। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে আটটি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভা এলাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক মিলে সড়কের পাশের ওই জমি দখল করে দোকানঘরগুলো নির্মাণ করেছেন বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘরগুলো দোকান ও গুদাম হিসেবে ভাড়া দেওয়ার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছে।

জানা গেছে, নিকলী পৌরসভা এলাকার গার্লস স্কুল মোড়ে সড়কের পাশের ওই জমি দখল করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান ও সাবেক সভাপতি খায়রুল ইসলাম। দেড় মাস ধরে জমি দখল ও দোকানঘর নির্মাণের কাজ চললেও প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের প্রতিরক্ষা দেয়াল ঘেঁষে ও একটি স্থানীয় মসজিদের পুকুরপাড়ে এসব স্থাপনা তোলায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া আরসিসি প্রতিরক্ষা দেয়াল ভেঙে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে জাহিদুল ইসলাম লিটন নামের এক ব্যক্তি গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় ওই স্থানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে সড়কের দেয়ালে ফাটল দেখা দেয়। পরে সওজ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে সব উচ্ছেদ করে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুনরায় টিনের ঘর তুলে জায়গাটি দখলে নেওয়া হয়েছে। একসময়ের পথচারীদের বিশ্রামের বেঞ্চ ও পানি পানের টিউবওয়েল সরিয়ে এখন সেখানে দোকান বসানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দখল করা একটি ঘরে হৃদয় হাসান নিজের ব্যক্তিগত কার্যালয় বানিয়েছেন। অন্য ঘরগুলো ১ লাখ টাকা জামানত ও মাসিক ৩ হাজার টাকা ভাড়ায় বরাদ্দ দেওয়া হচ্ছে। যদিও এসব টাকা মসজিদের নামে তোলা হচ্ছে বলে প্রচার করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান বলেন, ‘দোকানপাট সড়কের জায়গায় নির্মাণ করা হয়নি। এটি মসজিদের জায়গায় করা হয়েছে। এ ছাড়া দোকানপাট নির্মাণের সঙ্গে আমি সরাসরি যুক্ত না। মসজিদ কমিটির লোকজনই এসব নির্মাণ করেছেন। মসজিদ কমিটির সভাপতি ইউএনও। তিনি প্রথমে দোকান নির্মাণে বাধা দিয়েছিলেন। পরে কাগজপত্র যাচাই করে তিনি নির্মাণের অনুমতি দেন।’

হৃদয় হাসান আরও বলেন, ‘আমি এলাকার ছেলে হিসেবে সহযোগিতা করেছি। তবে যদি এটি সড়কের জায়গা হয়, তাহলে অবশ্যই ছেড়ে দেওয়া হবে। এটা নিয়ে তোলপাড়ের কিছু নেই।’

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হেলিম তালুকদার বলেন, ‘সরকারি জায়গা দখলের বিষয়টি আমার কানেও এসেছে। তবে কে বা কারা দখল করেছেন, তা বিস্তারিত জানি না। এখানে ছাত্রদলের সাবেক দুই নেতা খাইরুল ও হৃদয়ের নাম এসেছে। বর্তমানে তাঁরা কোনো পদ-পদবিতে নেই। আমার দলের কেউ জড়িত থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’

উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, ‘ওই জায়গায় আগে ঘর ছিল, এখন আবার কিছু ঘর উঠেছে। এটি অবৈধভাবে দখল। যে বা যারাই করুক, উচ্ছেদের পক্ষে আমি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুকুরপাড় জামে মসজিদের সভাপতি রেহানা মজুমদার মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মাপজোখ করে দেখেছি—দোকানগুলো পুকুরপাড় ঘেঁষে ওঠানো হয়েছে। এ কারণে দোকানঘর নির্মাণের জন্য একটি রেজল্যুশন দেওয়া হয়েছে। এদিকে সড়ক ও জনপথের রাস্তা রয়েছে। বিষয়টি নিয়ে সওজের সঙ্গে যোগাযোগ করা হবে। সঠিকভাবে মাপজোখ করে বিষয়টি যাচাই করা হবে।’

সওজের কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল জানান, এ বিষয়ে একটি অভিযোগপত্র তাঁর কাছে এসেছে। আগামী দু-এক দিনের মধ্যে সার্ভেয়ার দিয়ে ঘটনাস্থলে মাপজোখ করা হবে।

শাকিল মোহাম্মদ ফয়সল বলেন, ‘সড়কের জায়গায় যতটুকু অবৈধ স্থাপনা রয়েছে, তা চিহ্নিত করে সরকারি নিয়ম অনুযায়ী উচ্ছেদ করা হবে।’ এ বিষয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

সওজের জায়গা দখল করে সাবেক ছাত্রদল নেতাদের দোকান নির্মাণ

১৪ বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস: কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ কার্ড, মিলবে চাল-নগদ টাকা

ধানের খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিদের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার