হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাড়ির উঠানে গাঁজাগাছ লাগানোর অভিযোগে আটক ১

ভৈরব প্রতিনিধি

গাঁজার গাছসহ আটক হেলাল মিয়া। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির উঠোনে গাঁজা গাছ লাগানোর অভিযোগে হেলাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। আজ সোমবার দুপুরে শহরের কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক হেলাল মিয়া কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকার মৃত লায়েছ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করে।

অভিযানে হেলাল মিয়ার বাড়ির উঠোন থেকে ছয় মাস আগে রোপণ করা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা প্রায় ১০ ফুট বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, তিনি বাদী হয়ে হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের চাষ, সংরক্ষণ ও বেচাকেনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।’