হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে তলিয়ে যাওয়া কৃষিজমির মাটি যাচ্ছিল ইটভাটায়, ২ লাখ টাকা অর্থদণ্ড

ভৈরব প্রতিনিধি

ভৈরবে মেঘনা নদীর তীরের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুটি এক্সকাভেটর (খননযন্ত্র), একটি পল্টুন ও একটি বাল্কহেড জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুটি এক্সকাভেটর (খননযন্ত্র), একটি পল্টুন ও একটি বাল্কহেড জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বাল্কহেডের চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীর তীরবর্তী ‘নবাব ব্রিকফিল্ড’–সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরবর্তী ফসলি জমিগুলো বর্তমানে পানির নিচে। সেই কৃষিজমির উপরিভাগের (টপসয়েল) মাটি এক্সকাভেটর দিয়ে কেটে নেওয়া হচ্ছিল অনুমতি ছাড়াই। পরে ওই মাটি বাল্কহেডে করে নিয়ে ইটভাটায় দেওয়া হতো। খবর পেয়ে প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর, একটি পল্টুন ও একটি বাল্কহেড জব্দ করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, ‘অনুমতি ছাড়া মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বাল্কহেডের চালককে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা এক্সকাভেটর, পল্টুন ও বাল্কহেড আইনগত ব্যবস্থার জন্য ভৈরব নৌ পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’