কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের গ্রামে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘড়িমার্কা বিল্ডিংয়ের পাশে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ভৈরব বাজার ও নদীঘাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে আগুন লাগে। পরে আগুন দ্রুত আশপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা।
ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজন আহমেদ বলেন, মাগরিবের পর খবর পাই, শহরের চন্ডিবের ঘড়িমার্কা বাড়ির পাশে কয়েকটি বসতঘরে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজন আহমেদ আরও বলেন, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো নিশ্চিত নই। যাচাই-বাছাই করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।