কিশোরগঞ্জের হোসেনপুরে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সায়মা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের হাজীবাড়ির কাছে এ ঘটনা ঘটে। সায়মা ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচুলি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং সাহেবের চর গ্রামের হাজীবাড়ির সিরাজ খাঁনের মেয়ের ঘরের নাতনি।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে অন্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সায়মা। একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে সায়মার মরদেহ উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জরুরি বিভাগের চিকিৎসক আবু সায়েম জানান, হাসপাতালে আনার আগেই সায়মার মৃত্যু হয়।