হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তাড়াইলে মধ্যরাতে বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

মধ্যরাতে বাড়ির পাশেই খুন ও ছিনতাইয়ের শিকার হাবুল মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে হুইলচেয়ারে চলাফেরা করা এক বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। টাকা-পয়সা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম হাবুল মিয়া (৫২)। তিনি তাড়াইল উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে জীবনধারণ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বরুহা গ্রামে নিজ বাড়ির সামনের কাঁচা রাস্তায় অবস্থান করছিলেন হাবুল মিয়া। এ সময় অজ্ঞাতপরিচয় দু-তিন জন দুর্বৃত্ত কাঠ দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। মাথা ফেটে গুরুতর জখম হন তিনি। আঘাতের পর দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে হাবুল মিয়া চিৎকার করে সাহায্য চাইতে পারেননি। পরে তাঁর গোঙানির শব্দ শুনে প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন।

আহত হাবুল মিয়াকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে হাবুল মিয়া একাই থাকতেন।

এ ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দু-তিন জনকে আসামি করে তাড়াইল থানায় হত্যা মামলা করেছেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।