কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলায় সাইদুর রহমান (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় তাঁর দুই ভাইকে হাত-পা বেঁধে মারধর করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। উপজেলার মুশুরিয়া এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত সাইদুর রহমান উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই এলাকার ফুল মিয়ার ছেলে। আহত দুজন হলেন নিহত সাইদুরের ভাই আনিছুর (২৭) ও আতাউর (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তিন ভাই ঘোড়াউত্রা নদীতে রিংজাল (চায়না দোয়ারি) দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা অজ্ঞাত পরিচয়ের চার দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-বল্লম ও দা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে হাত-পা বেঁধে মারধর করে। পরে সাইদুর রহমানকে নদীতে ফেলে দিয়ে বল্লম দিয়ে আঘাত করে। আক্রমণের একপর্যায়ে সাইদুর পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইদুরকে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, ভোর সাড়ে চারটার দিকে সাইদুরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে থানায় অবহিত অবহিত করা হয়।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, সাইদুরের মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।