হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে হাত-পা বাঁধা অবস্থায় প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভৈরব প্রতিনিধি

রোকন উদ্দিন জয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রাম থেকে রোকন উদ্দিন জয় (২৪) নামে এক প্রবাসফেরত যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর নিজ বাড়ির পেছনের ঝোপঝাড়ে থাকা একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকন উদ্দিন জয় পূর্ব নয়াহাটি গ্রামের কৃষক ছাত্তার মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে সিঙ্গাপুরে পাড়ি জমান রোকন উদ্দিন জয়। এক মাস আগে তিনি ছুটিতে দেশে ফেরেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই ভ্রমণে আর যাওয়া হলো না।

বাবা ছাত্তার মিয়া জানান, জয় কক্সবাজার যাওয়ার জন্য তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে ঢাকায় যান। সেখান থেকে কাপড়চোপড় কিনে রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে আসেন। কিন্তু সকালে খবর পেয়ে বাড়ির পেছনে হাত-পা বাঁধা অবস্থায় ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা উদ্‌ঘাটনের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’