হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত রুবেল মিয়া। ছবি: সংগৃহীত

​মাস দেড়েক আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন ২৬ বছরের যুবক রুবেল মিয়া। ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যাবেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্ন আর বাস্তব হলো না।

​রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট এলাকায় অটোরিকশার চাপায় প্রাণ হারান এই রেমিট্যান্স যোদ্ধা।

​নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে আরেক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া থেকে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। ছুটির আনন্দ নিমেষেই রূপ নেয় বিষাদে, রুবেলের গ্রামের বাড়িতে এখন চলছে শোক।

​পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর একটি অটোরিকশা ওই যুবককে চাপা দেয়। হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’