হোম > সারা দেশ > খুলনা

খুলনা ক্লাবের সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ জেলা পরিষদ প্রশাসকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পি। ছবি: সংগৃহীত

ক্লাবের সদস্যপদ ও টেনিস মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ায় খুলনা ক্লাব লিমিটেডের সভাপতি সারফুজ্জামান টপিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পির বিরুদ্ধে।

গতকাল সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছে ওই ক্লাবের পরিচালনা পর্ষদ।

অভিযোগে বলা হয়, সম্প্রতি খুলনা ক্লাব লিমিটেডের সভাপতি সারফুজ্জামান টপির সঙ্গে একাধিকবার অশোভন আচরণ, গালিগালাজ, হুমকি এবং ক্লাবের সদস্যপদ দেওয়ার জন্য অযাচিত চাপ ও আক্রোশ প্রদর্শন করেছেন মনিরুল হাসান।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, ‘এটি তেমন কিছুই না। আমি খুলনা ক্লাবের সভাপতির কাছে সদস্য ফরম চেয়েছিলাম, কিন্তু উনি দেবেন না। এ নিয়ে ফোনে সামান্য তর্কাতর্কি হয়েছিল।’

মনিরুল আরও জানান, গত রমজান মাসে জেলা বিএনপির ইফতার মাহফিলে খুলনা ক্লাবের হল ভাড়া নিয়ে সভাপতির সঙ্গে মনোমালিন্য হয়। তাই প্রতিশোধ নিতে তিনি মিথ্যা অভিযোগ দিচ্ছেন।

অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন পরিচালক ডা. শেখ মো. রেজওয়ান, সৈয়দ মাসুম জাফর, ডা. মো. মাহমুদ হানান লেনিন, ইঞ্জিনিয়ার সাফায়েত আব্দুল্লাহ রুশো, মেজর (অবঃ) ইমতিয়াজ আহমেদ, আহসান হায়দার চৌধুরী (বিপু), মো. আমিনুল ইসলাম ও মো. আতা-ই-মুনীর।