• মৌসুম শুরুর পর সাগর বা দুবলায় দস্যুদের অপতৎপরতার অভিযোগ নেই
• সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মাছ ধরে দুবলার চরে ফিরছেন জেলেরা
বঙ্গোপসাগরের তীরবর্তী সুন্দরবনের দুবলার চরে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি উৎপাদন। সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মাছ ধরে চরে ফিরছেন জেলেরা। শুঁটকি উৎপাদন মৌসুমের শুরুর পর এখন পর্যন্ত সাগর কিংবা দুবলার চরে দস্যুদের কোনো অপতৎপরতার অভিযোগ পাওয়া যায়নি। মাছ আহরণ শেষে নিরাপদে চরে ফিরে কাজ করতে পারায় জেলেদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে শুঁটকি উৎপাদন মৌসুম। মৌসুম শুরুর পর জেলেদের পদচারণে মুখর হয়ে উঠছে দুবলার আলোরকোলসহ অন্য তিনটি চর। জেলেরা জানান, গত কয়েক দিন ধরে সাগরে প্রচুর মাছ পাচ্ছেন তাঁরা।
বন বিভাগের তথ্য অনুযায়ী, পূর্ব সুন্দরবনের আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর—এই চার চর নিয়ে ৮১ বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত দুবলার জেলেপল্লি। দেশের মোট শুঁটকি মাছের প্রায় ৮০ শতাংশ উৎপাদন হয় এই জেলেপল্লিতে। এখানে লইট্যা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের শুঁটকি তৈরি করা হয়। চলতি শুঁটকি মৌসুমে দুবলার চারটি চরে এ পর্যন্ত প্রায় ১০ হাজার জেলে গেছেন। আগামী পাঁচ মাস, অর্থাৎ মার্চ পর্যন্ত তাঁরা দুবলার চরে অবস্থান করে সাগরে মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন করবেন। এবারের মৌসুমে শুঁটকিপল্লিতে জেলে ও বহরদারদের জন্য ১ হাজার ১৮টি অস্থায়ী ঘর, ৬৭টি ডিপো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ১১৬টি দোকান তৈরির অনুমতি দিয়েছে বন বিভাগ। চলতি মৌসুমে দুবলার চর শুঁটকিপল্লি থেকে ৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ৭ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৪৯৩ টাকা রাজস্ব আদায় হয়েছিল। গত মৌসুমে শুঁটকি উৎপাদনের পরিমাণ ছিল ৭৯ হাজার ৬০২ দশমিক ৭৬৬ কুইন্টাল।
দুবলার আলোরকোল থেকে মোবাইল ফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব মাথায় নিয়ে দুবলার চরে এবারের শুঁটকি উৎপাদন মৌসুম শুরু হয়েছে। সাগরে আবহাওয়া ভালো হওয়ায় জেলেরা প্রচুর মাছ পাচ্ছেন। এ বছর ১০ হাজার জেলে দুবলার চরাঞ্চলে এসেছেন। জলদস্যু নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ায় কোস্ট গার্ড, এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর খুশি জেলেরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে নেমে পড়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে সর্বাত্মক অভিযান চলার কারণে অপরাধপ্রবণতা কমে আসছে। গত ১০ মাসে পূর্ব সুন্দরবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১১২টি মামলায় ১১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান বলেন, গত ১০ মাসে ৪০৩টি মামলায় ৩৯৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।