খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন ভর্তি ৭৫ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছে। মৃত দুজনই খুলনা জেলার বাসিন্দা।
জেলাভিত্তিক নতুন ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সর্বোচ্চ ৪০ জন এবং বাগেরহাটে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া নড়াইলে ৪ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত খুলনা বিভাগে ৩ হাজার ১৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৭৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ ছাড়া এ পর্যন্ত অন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৩৭ জনকে।
চলতি বছর বিভাগে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং খুলনাতে দুজনের ও বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে।