হোম > সারা দেশ > খুলনা

বিএনপি নেতার বাড়িতে ‘জয় বাংলা’ স্লোগানে গুলি, কিশোরসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনা নগরীতে এক বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত লবণচরা থানার হরিণটানা রিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে নগরীর টুটপাড়া মওলার বাড়ির সামনে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় গতকাল শনিবার বিএনপি নেতা মঞ্জুরুল আলম বাদী হয়ে খুলনা সদর থানায় সন্ত্রাস দমন আইনে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—রাজ, ফাহিমখান, আরাফত ইসলাম নাহিদ, ইয়ামিন শেখ, সুজন ইসলাম, মহারাজ মোল্লা, মোহাম্মদ আলী ও মো. শুভ ইসলাম। তাঁদের মধ্যে মোহাম্মদ আলী ও শুভ ইসলামকে খুলনা জেলা কারাগারে এবং বাকিদের কিশোর উন্নয়ন কেন্দ্র যশোরে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সবাই খুলনা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হাকিম বলেন, ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আলী ও শুভ ইসলাম প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য ছয়জন কিশোর হওয়ায় শিশু আদালতের নির্দেশে তাঁদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।