হোম > সারা দেশ > খুলনা

জলবায়ু ও শিশু অধিকার নিয়ে গবেষণায় অনুদান পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

গবেষণায় অনুদান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ অন্যান্য অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ) বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট রিসার্চ গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৬’ চালু হয়েছে। এ কর্মসূচির অধীন মোট ৩১টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীকে গবেষণায় অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—অর্থনীতি বিভাগের নাবিল আহমেদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের মো. হেলালুজ্জামান ও দৃষ্টি মজুমদার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অলব্রাইট বাড়ৈ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খালিদ আহমেদ, স্থাপত্য বিভাগের মো. হাসিবুল আলম সম্পদ এবং শিক্ষা বিভাগের মো. লিমন শেখ।

নির্বাচিত শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও শিশু পুষ্টি, কিশোর-কিশোরীদের ঘূর্ণিঝড় প্রস্তুতি, শিশুকেন্দ্রিক আগাম দুর্যোগ সতর্কতা, লবণাক্ততা ও নারী-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, দুর্যোগ মোকাবিলায় যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু ও তরুণদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি এবং খেলাধুলার মাধ্যমে কিশোরদের নেতৃত্ব ও সহনশীলতা বিকাশের মতো বিষয় নিয়ে গবেষণা করবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। টিডিএইচের সঙ্গে যৌথ এ উদ্যোগ তরুণ গবেষকদের উৎসাহিত করবে এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সম্পর্কিত প্রভাবশালী গবেষণা তৈরিতে সহায়তা করবে। এসব গবেষণার ফলাফল মানুষের কল্যাণের পাশাপাশি নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, টিডিএইচ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিনিয়া আফরোজ, বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং এই প্রোগ্রামের স্টিয়ারিং কমিটির সদস্য ড. মো. নাসিফ আহসান এবং টিডিএইচ বাংলাদেশের কর্মকর্তা মোহাম্মদ এহসান উল ইসলাম চৌধুরী ও সুরজিৎ কুণ্ডু বক্তৃতা করেন।

এ সময় অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের গবেষণার বিষয় ও প্রত্যাশিত ফলাফল কী হবে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জাকির হোসেন, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন এবং খুলনা বিশ্ববিদ্যালয় ও টিডিএইচ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।