হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অস্ত্রসহ ভারতীয় রুপি উদ্ধার, চোরাকারবারিদের সঙ্গে গুলিবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে অস্ত্রসহ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। গতকাল রোববার রাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সিংহপাড়া সীমান্তে অভিযান পরিচালনা করে।

খাগড়াছড়িতে উদ্ধার অস্ত্র ও ভারতীয় রুপি। ছবি: সংগৃহীত

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গতকাল রাত ৩টা দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র চোরাকারবারি দল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়। উদ্ধার ব্যাকপ্যাক থেকে ৪টি পিস্তল, ১৪টি অ্যামুনিশন, ৫টি এফসিসি এবং ১,৬০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে জব্দ অস্ত্র ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সশস্ত্র চোরাকারবারি দল বিজিবিকে লক্ষ্য করে গুলি শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। প্রায় ৮-১০ মিনিট থেমে থেমে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে তারা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দের পাশাপাশি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।