হোম > সারা দেশ > খাগড়াছড়ি

উঠানে চলছে দাদির কুলখানির রান্না, ঘরে ঝুলছে নাতির লাশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মানিকছড়িতে তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় সালাউদ্দিন আরিফ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। সালাউদ্দিনের এক সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে কয়েক মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের দাদির কুলখানি। এ উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে আরিফ পরিবারের সদস্যদের চোখের আড়ালে চলে যান। পরে তাঁর বাবার ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান।

খবর পেয়ে মানিকছড়ি থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ও পরিবারের সদস্যরা। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বাবা মিছির আলী বলেন,

‘আরিফ তাঁর স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুনপাড়ায় বসবাস করত। আমার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে সে তিনটহরীতে আসে। আজ মায়ের কুলখানির দিন হঠাৎ সে এমন একটি ঘটনা ঘটাবে, তা আমি কল্পনাও করতে পারিনি।’

মানিকছড়ি থানার উপপরিদর্শক  (এসআই) সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।