খাগড়াছড়ির গুইমারায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
ভুক্তভোগী শিশুর বরাতে ওসি জানান, দুপুরে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে তাকে একা পেয়ে ধর্ষণ করেন খিল্যু মারমা। পরে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ওসি সোহরাওয়ার্দী আরও জানান, ঘটনার খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্ত যুবককে আটক করেছে। তাঁকে থানা-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।