হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ৫ বস্তা গুইসাপসহ নারী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

জীবিত গুইসাপগুলোকে আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের সর্বাত্মক সহযোগিতায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তায় বন্দী অবস্থায় ২৪টি গুইসাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, তিনি খাওয়ার উদ্দেশে চট্টগ্রামের বারইয়ারহাট থেকে এসব গুইসাপ নিয়ে এসেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘একজন পাহাড়ি নারীসহ আনুমানিক ২৪টির মতো গুইসাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গুইসাপগুলো ইতিমধ্যে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, ‘পাঁচটি বস্তায় মোট ২৪টি গুইসাপ পাওয়া যায়। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। জীবিত ১০টি গুইসাপকে আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়েছে এবং মৃত ১৪টি গুইসাপকে মাটিচাপা দেওয়া হয়েছে।’