জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে আসলাম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে গত সোমবার রাতে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। ওই সময় আসামি আসলাম হোসেন হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের আঘাত করেন। একপর্যায়ে তাঁকে আটকের চেষ্টা করলে তিনি দ্রুত পালিয়ে যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত আসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।