হোম > সারা দেশ > জয়পুরহাট

প্রধান শিক্ষককে লাঞ্ছনা: নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা হারুনুর রশিদ। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগের ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি নেতা হারুনুর রশিদ। আজ শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

হারুনুর রশিদ রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

এর আগে গতকাল শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করেন উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান। সেখানে তিনি অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি নেতা হারুনুর রশিদ তাঁকে লাঞ্ছিত করেছেন।

আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হারুনুর রশিদ। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হারুনুর রশিদ অভিযোগ করেন, ২১ জুন বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের সময় প্রধান শিক্ষক ঘুষের বিনিময়ে প্রস্তাবিত বিদ্যোৎসাহী দুই সদস্যের নাম অন্তর্ভুক্ত করেন এবং যুবলীগ নেতা আতিকুর রহমানের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। বিষয়টি অভিভাবকদের মাধ্যমে জানতে পেরে তিনি বিদ্যালয়ে যান। সেখানে বিদ্যোৎসাহী সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁর সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দেন। একপর্যায়ে প্রধান শিক্ষক ও তাঁর ভাই তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিএনপি নেতার দাবি, তিনি প্রধান শিক্ষককে মারধর করেননি এবং এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আজাদুর রহমান বলেন, কোনো যুবলীগ নেতাকে সভাপতি করার চেষ্টা করা হয়নি; বরং তাঁর ওপর আওয়ামী লীগের এক পদধারী নেতাকে সভাপতি করার চাপ দেওয়া হয়েছিল। তিনি আপসে রাজি না হওয়ায় এখন তাঁর বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

প্রধান শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপি হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীন রেজা জানান, প্রধান শিক্ষক তাঁর ওপর নির্যাতনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একই ঘটনায় বিএনপি নেতা হারুনুর রশিদ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন। পুলিশ দুটি অভিযোগ খুব গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ক্ষেতলালে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কালাইয়ে আলু সংরক্ষণ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি চাষি ও ব্যবসায়ীদের

আক্কেলপুরে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল

২০০ বছরের ঘুড়ির মেলা: রঙিন আকাশের নিচে হাজারো মানুষের মিলনমেলা

আক্কেলপুরে ছয় ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

স্বামীর সঙ্গে ঝগড়ার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা

সড়কে খড়ের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, দুলাভাই-শ্যালকের মৃত্যু

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ‘অশালীন নৃত্য-গান’, বিএনপির ২ নেতা বহিষ্কার