হোম > সারা দেশ > জয়পুরহাট

শ্রেণিকক্ষে আলুর মজুত

জয়পুরহাট প্রতিনিধি

জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে রাখা আলু। ছবি: আজকের পত্রিকা

জয়পুরহাটের কালাই উপজেলায় জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আলু মজুতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল হামিদের বিরুদ্ধে। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে আলু শুকানো হয় বলে অভিযোগ। এ ঘটনায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে।

বিদ্যালয়, স্থানীয় ও অভিভাবক সূত্রে জানা গেছে, ওই শ্রেণিকক্ষে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হয়। শ্রেণিকক্ষের ভেতরের বেঞ্চ ও আসবাব একপাশে সরিয়ে ফেলে পুরো মেঝেতে আলু স্তূপ করে রাখায় ঘরটি পাঠদানের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে শিক্ষার্থীরা ক্লাস না করেই বাড়ি ফিরে গেছে। গত রোববার শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে আলু শুকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ পরিস্থিতিতে গত সোমবার কোনো একসময়ে শ্রেণিকক্ষটি থেকে আলু সরিয়ে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বিভিন্ন ফসল তোলার মৌসুমে নৈশপ্রহরী বিদ্যালয়ের ঘরগুলো নিজের ব্যক্তিগত গুদামের মতো ব্যবহার করেছেন।

আজ মঙ্গলবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে ওই শ্রেণিকক্ষে আলু পাওয়া যায়নি। বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘আমরা সোমবার স্কুলে আসলেও ক্লাস হয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, কার অনুমতি নিয়ে নৈশপ্রহরী শ্রেণিকক্ষে আলু রাখলেন এবং ফ্যান চালিয়ে শুকালেন, তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। শিক্ষার্থীরা ক্লাস না করে চলে গেছে, অথচ প্রধান শিক্ষক নীরব ভূমিকা পালন করছেন।

অভিযুক্ত নৈশপ্রহরী আব্দুল হামিদের দাবি, তাঁর বাড়িতে জায়গা না থাকায় তিনি প্রধান শিক্ষককে জানিয়ে বিদ্যালয়ের ঘরে আলু রেখেছেন এবং এক দিন পর তা সরিয়েও নিয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম বলেন, ‘আসলে কী বলব, আমাকে না বলেই সে বন্ধের দিনে ওই ঘরে আলু রেখেছে। পরের দিন সে আলুগুলো নিয়ে গেছে। ফ্যান চালানোর বিষয়টি আমার জানা নেই।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. মোর্শেদা খাতুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ বলেন, ‘ফেসবুকে ভিডিও ছাড়ার বিষয়টি আমার জানা নেই। তবে খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’