জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনার পর তাঁকে শোকজ করেছে উপজেলা বিএনপি।
আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্য়ায় তাঁকে শোকজ করা হয়েছে এবং ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আহ্বায়ক করে আগামী ১০ দিনের মধ্য প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান সোয়াদ, সাধারণ সম্পাদক শহিদুল আকরাম সোহেল এবং তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু।
ভাইরাল হওয়া ১ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্য ৫ জন বসে রয়েছেন। সেখানে সাইদুল ইসলাম এক হাতে দেশলাই জ্বালিয়ে তান্নিতে (ইয়াবা সেবনের যন্ত্র) তাপ দিচ্ছেন আর পাইপের মাধ্যমে সেবন করছেন। সেখানে আরেক ব্যক্তি অপর এক ব্যক্তিকে তান্নির নিচে আগুনের তাপ দিয়ে পাইপের মাধ্যমে ইয়াবা সেবনের জন্য সহযোগিতা করছেন। ওই ভিডিওতে আরও দেখা যায়, পাঁচজনের মধ্য একজন গোপনে ইয়াবা সেবনের ভিডিও করছেন আরেক ব্যক্তিকে সিগারেট জ্বালিয়ে টানতে দেখা যায়।
সাইদুল ইসলামের ওই ভিডিও একজন মাদকসেবীকে দেখানো হয়, তিনি নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ভিডিওটিতে যেটি দেখা যাচ্ছে, তাতে দেখে বোঝা যাচ্ছে তিনি তান্নি আর পাইপের মাধ্যমে ইয়াবা সেবন করছেন। মূলত এই পদ্ধতিতে ইয়াবা সেবন করা হয়ে থাকে।
যোগাযোগ করা হলে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে তিনিও রয়েছেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হাট অফিসে ডেকে নিয়ে গিয়ে ইয়াবা সেবন করায়। তখন তিনি বিষয়টি বুঝতে পরেননি। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তিনি অনুতপ্ত।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহামেদ রানা বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির একটি ভিডিও ছড়িছে পড়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কর্মকাণ্ড কোনো নেতা-কর্মী ঘটনালে দল তাঁর দায়ভার নেবে না। ভিডিওটির বিষয়ে আমি জেলার নেতাদের সঙ্গে আলোচনা করেছি। আজ আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে আলোচনা করে তাঁকে শোকজ করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ‘গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ইয়াবা সেবনের ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ১০ দিনের মধ্য প্রতিবেদন দাখিল করবে। দলে ভাবমূর্তি কেউ ক্ষুণ্ন করলে তাঁকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন।’