জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
আজ রোববার দুপুরে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশেষ টহলদল পুরানপৈল বাইপাস মোড়ের পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় দুটি কার্টনে থাকা একেএল ওয়ান (১০০ মিলিলিটার) সিরাপের মোট ৭৬৮ বোতল উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপের বিষয়ে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।