হোম > সারা দেশ > জয়পুরহাট

পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়িতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে শিরতা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। অভিযানে রমজানের কৃষি উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ করা জমির পরিমাণও যাচাই করা হয়। পরে কার্ডে উল্লেখিত জমির পরিমাণ সংশোধন করে তাঁর প্রকৃত জমির পরিমাণ অন্তর্ভুক্ত করা হয়।

কৃষি উপকরণ সহায়তা কার্ডে রমজানের নিজস্ব ২৫ শতাংশ এবং পত্তন নেওয়া ৪ একর জমি চাষাবাদের তথ্য উল্লেখ ছিল।

ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, কৃষক রমজানের প্রকৃত জমির পরিমাণ নির্ধারণ করে কার্ডে তা সংশোধন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।