হোম > সারা দেশ > জয়পুরহাট

শিয়াল ঠেকাতে ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল টাইলস মিস্ত্রির

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব ঠেকাতে শসাক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সাকিব ওই এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর শসাক্ষেতে শিয়ালের উপদ্রব ঠেকাতে চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব অসাবধানতাবশত ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসাক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।