জয়পুরহাটের আক্কেলপুরে খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের পাড়ে তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামে এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ভাগনা হেলাল খান বলেন, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
বেলি বিবির স্বামী বাচ্চু সরদার বলেন, ‘আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকত। গতকাল আমি বাড়িতে ছিলাম না। তার মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। খালের পাড়ে তার কাপড়, সাবান ও জুতা পড়ে ছিল।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।