হোম > সারা দেশ > জয়পুরহাট

ধানখেতে মিলল গলায় রশি প্যাঁচানো নিখোঁজ কিশোরের মরদেহ

জয়পুরহাট ও ক্ষেতলাল প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালের নশিরপুর গ্রামে ধানখেতে পড়ে ছিল কিশোরের মরদেহ। ছবি: আজকের পত্রিকা

​জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজ হওয়ার দুই দিন পর রাব্বি হাসান (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নশিরপুর গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীর ও গলায় রশি প্যাঁচানো ছিল।

নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবাজার মহল্লার খলিল প্রামাণিক ওরফে সাদ্দামের ছেলে। সে অটোভ্যান চালাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার জামুর বাজার এলাকা থেকে নিখোঁজ হয় রাব্বি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ২০ নভেম্বর শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আজ শনিবার সকালে কৃষকেরা মাঠে গিয়ে স্থানীয় কৃষক মামুনের ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।