হোম > সারা দেশ > জয়পুরহাট

জমির আইল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

জয়পুরহাট প্রতিনিধি

নিহতের লাশ জমি থেকে উদ্ধার করে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

আজ শুক্রবার সকালে উপজেলার কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নবীনুর রহমানের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন দেলোয়ার হোসেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাঁকে আইল কাটতে বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাইয়ের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুর রহমানকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে কোদালের আঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় নবীনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কোদাল ও হাঁসুয়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।