জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, আক্কেলপুরের একটি চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের মূর্তি মজুত করেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির যৌথ টহল দল আক্কেলপুরের বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র মণ্ডল ও কামাল হোসেনকে আটক করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্য হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), সোনামুখী ইউনিয়নের জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।
উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার করা মূর্তি ও আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।