হোম > সারা দেশ > জয়পুরহাট

ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ৪ জনকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

গরুর দুই ব্যাপারী (দালাল) মোটরসাইকেল চালক ইব্রাহিম এবং পেছনে বসা এনতাজুল। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে অন্য গ্রামে নেওয়ার সময় গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে জবাই করা গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গরু জবাইয়ের বিষয়টি জানতে পারে। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

পরে ক্ষেতলাল উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর আওতায় ইব্রাহিম, এন্তাজুল, আলাউদ্দিন ও রবিউল নামের চারজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে গিয়ে গরুটির অসুস্থতার বিষয়ে তথ্য পাওয়া যায়। বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। পাশাপাশি গরুটির অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক মিয়া বলেন, অসুস্থ গরুর মাংস খাওয়ার উপযোগী নয়। এ ধরনের মাংস খেলে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

অভিযানের সময় ক্ষেতলাল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।