হোম > সারা দেশ > জয়পুরহাট

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

জয়পুরহাট প্রতিনিধি

সড়ক দুর্ঘটনার পর স্থানীয় লোকজন জয়পুরহাট-আক্কেলপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে ওই অবরোধ করেন। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।