হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাট সীমান্তে ৫১ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি। ছবি: সংগৃহীত

জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পাথরটির আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

আজ বুধবার বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ দল কয়া বিওপি এলাকার ভূইডোবা নামের স্থানে অভিযান চালায়। এ সময় সীমান্তপিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সংঘবদ্ধ চোরাকারবারি চক্রটি বিদেশে পাচারের উদ্দেশ্যে পাথরটি সীমান্ত এলাকায় মজুত করে রেখেছিল। পরে নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করিয়ে পাথরটির সত্যতা যাচাই ও সনদ সংগ্রহ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক সম্পদটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।